(প্রিয় কবি শঙ্খ ঘোষের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি)
ত্রিকালদর্শী
—দীপক বেরা
🍂
তোমার চলে যাওয়া পথের শেষে
ফেলে গেছো তোমার নিঃশব্দ তর্জনীর কবিতা
আজ ওখানেই রাখি প্রণতি আমার
সবাই বলেছিল একটি অধ্যায়ের শেষ
সত্যিই কি তাই? একেবারেই না—
তোমাকে পড়বে যুগ থেকে যুগান্তরের পাঠক
জানি, সময়ের চিহ্ন নিয়ে দৃশ্যপট থেকে
সরে যাচ্ছে দ্রুত পৃথিবী নামক এই সাম্রাজ্যটা
গুটিয়ে নিয়েছে বনতল তার শান্ত নরম ছায়া
বড়ই শিথিল নিম্নগামী আজ মুষ্টিবদ্ধ উদ্ধত হাতগুলি
ভীরুতার উপত্যকা জুড়ে আজ শুধুই ‘খোক্কসরাজ’
সব অভিমান সরিয়ে ‘দিনগুলি রাতগুলি’ জড়ো করে
তুমি এসে দাঁড়াও আমাদের পরাভূত চেতনায়
সমাজ, রাষ্ট্র, মানুষের এই পতনোন্মুখ চেহারা থেকে
সমস্ত ক্লেদ, পাপ মুছে নিতে সন্ধ্যানদীর জলে…
না—বিজ্ঞাপনে আর মুখ ঢাকবে না কেউ
‘ঘুমিয়ে পড়া অ্যালবাম’ থেকে তুমি উঠে এসো
আমাদের নিষ্ক্রান্ত পথের সামনে, পেছনে, চতুর্দিকে
অনুভবে অনুরণনে শুধুই—’পাঁজরে দাঁড়ের শব্দ’…
তোমার জার্নাল ছিঁড়ে এনে দাও আমাদের
সবটুকু জাগরণ… হে ত্রিকালদর্শী, শঙ্খ ঘোষ…
🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২১ এপ্রিল ২০২৬

