Koyel Talukder

Koyel Talukder

কবিতা –
শেষ আলিঙ্গনের আগে

তুমি যদি আমাকে জড়িয়ে ধরো
একদম শক্ত করে ধরো,
যেন ভেঙে না যায় এই অদৃশ্য ভেতরটা,
যেন থেমে না যায় বুকের গোপন কান্না।

সময় তো কখনো বলে না –
কোনটা শেষ দেখা, কোনটা শেষ ছোঁয়া,
কোনটা শেষবারের মতো তোমার কাঁধে মাথা রাখা।

তাই বলি –
প্রতিটা আলিঙ্গন হোক শেষ ভেবে,
প্রতিটা স্পর্শে থাকুক বেঁচে থাকার শপথ।

আমরা কত সহজে চুপ থাকি,
কত কথা বুকের ভেতর পাথর হয়ে জমে থাকে
বলতে পারি না,
‘আমাকে একটু জড়িয়ে ধরো,
আমার ভেতরটা ফাঁকা হয়ে গেছে তোমাকে ছাড়া…’

কতবার ঠোঁট কেঁপে ওঠে
তবু শব্দ হয়ে বেরোয় না –
আমার নিঃশ্বাস আটকে আসে,
তুমি কি আমাকে একটু বাঁচাবে?
এতটুকু চাওয়া, এতটুকু আশ্রয়,
এতটুকু মানুষ হয়ে ওঠা, এটা কি খুব বেশি কিছু?
না, কখনোই না।

কারণ –
একদিন হঠাৎ তুমি শুয়ে থাকবে
নীরব, নিশ্চল, সাদা চাদরের নিচে,
আর আমি তখনও বুক ভেঙে বলবো,
একবার… শুধু একবার জড়িয়ে ধরো আমাকে…

কিন্তু তখন
তোমার হাত আর নড়বে না,
তোমার বুক আর দুলবে না,
তোমার উষ্ণতা শুধু স্মৃতি হয়ে যাবে।

সেদিন
এই না বলা আলিঙ্গন, এই না চাওয়া স্পর্শ,
আমার ভেতর কুড়ে কুড়ে খাবে।

তাই আজ যখন তুমি আছো,
যখন আমি এখনো তোমার সামনে –
এসো, কোনো লজ্জা না রেখে,
কোনো দ্বিধা না রেখে আমাকে জড়িয়ে ধরো।

একদম শক্ত করে ধরো,
যেন এই পৃথিবীর সব হারানো এই এক
আলিঙ্গনে ফিরে আসে।

~ কোয়েল তালুকদার

আকুল নয়নজলে ঢালো গো কিরণ ধারা….

Comment