রূপালী ডাস্টবিন
মোঃ আব্দুর রাজ্জাক রঞ্জু
সহঃ অধ্যাপক, মহাস্থান
মাহীসওয়ার কলেজ,বগুড়া ।
অচ্ছুত, ময়লা-পচা জমানোর স্থান ডাস্টবিন,
যত জমা হয় উচ্ছিষ্ট—দুর্গন্ধ ছড়ায় ততো।
মানুষের ভেতরের অদৃশ্য ময়লাগুলো
চাপা দেওয়া থাকে বাহ্যিক চেহারার জৌলুষে।
নিজে পচার দুর্গন্ধ পায় না নিজেই,
অথচ সবাই দূরত্বে সরে যায় নাক চেপে ধরে!
আমরা নিত্যদিন মেখে নিই দামি সুগন্ধি,
পোশাকের মসৃণতায় ঢেকে রাখি সব কালো ক্ষত।
যেখানে উচ্ছিষ্টের পাহাড়, সেখানে শকুন হাসে,
আর হৃদয়ের আঁধারে জমতে থাকে পচে যাওয়া নীতি।
ইটসজ্জায় রঙিন কারুকাজে জনপদ গড়ি সবাই
অথচ মনের ডাস্টবিন খালি করার সময় মেলে না কারো।
আয়নাতল শান্ত দেখায়, কিন্তু আয়নার ওপারে
কিলবিল করে ক্রমাগত জন্মানো ক্ষয়ের জীবাণু।
যদি ভেতরের আবর্জনা সরাতে না পারি কোনোদিন,
তবে এই চকচকে মুখ আর সুশীল বেশের কী বা দাম?
দিনশেষে আমরা কি তবে একেকটি হেঁটে চলা রূপালী ডাস্টবিন?
১৪-০৮-২৬