Md Ibrahim Hossen – Rajshahi

মাটির মানুষ
মোঃ ইব্রাহিম হোসেন
গোদাগাড়ী, রাজশাহী
রচনাঃ ০৮-০৬-২০২৬ ইং

মাটির তৈরি মানুষ আমি
মিশবো মাটির সাথে,
কবর হবে বসত-ভিটা
অন্ধকারের রাতে।

থাকবে না কেউ সঙ্গে আমার
কেউ হবে না সাথী,
ভবের মায়ায় কার তরে আজ
ফুলের মালা গাঁথি ?

যার তরে রই তপস্যাতে
মহান রবের কাছে,
ঢালবে কি জল প্রাণ বাঁচাতে
জীবন নামের গাছে ?

না না না না কেউ রবে না
থাকবে না কেউ সেদিন,
প্রাণ-পাখিটা কেড়ে নিতে
যম আগমন যেদিন।

অবুঝ ও মন কাঁদিস না আর
দে ছেড়ে তার আশা,
নতুন পথের পথিক সেজে
গাঙেতে নাও ভাসা।

মিছা মায়া প্রেমপ্রীতি রয়
ক্ষণিক সুখের মোহে,
বিদ্রোহ কর্ নিজের সাথে
লড় নীতিহীন দ্রোহে।

Comment