Md Ibrahim Hossen – Rajshahi

ব্যাঙ বাবাজির খেল
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১২-০৬-২০২৬ ইং

আষাঢ়-শ্রাবণ বর্ষা পবন
মেঘলা দিনের ক্ষণ,
দেয়ার আভাস শীতল বাতাস
জুড়ায় সবার মন।

আকাশ ফাঁকে মেঘের ডাকে
বাদল ঝরা শিল,
বৃষ্টি পড়ে পুকুর ভরে
নদী-নালা বিল।

সন্ধ্যা লগন ব্যাঙের মগন
ঘ্যাঙর ঘ্যাঙর ডাক,
ডোবার জলে সবাই দলে
কী সুমধুর হাঁক!

সুরের তালে গাছের ডালে
চুপ করে রয় সাপ,
সময় বুঝে সুযোগ খুঁজে
ব্যাঙের মনে কাঁপ!

ভীষণ পাজি ব্যাঙ বাবাজি
চালাক-চতুর খুব,
লম্বা ঠ্যাঙে দিঘির গাঙে
লাফ দিয়ে দেয় ডুব।

Leave a Comment