প্রতিবেশী… – আবদুল্লাহ আল আদীব

বড় বড় চোখ আর নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম দেখে
প্রতিবেশী কাকীমা যেইদিন বলেছিলো-
“ছেলে আমাদের অনেক বেশি বৌ আদুরে হবে”,
ঠিক সেই দিন আমি প্রথম আমার কল্পনায়
রমণীর প্রেম আঁচ করতে পেরেছিলাম।
খেলার সঙ্গী কিশোরীর ঝলমলে চোখে
অনুভব করেছিলাম অন্য রকম ভাবনা।

একদিন ক্লাসে ধনপতি স্যার জিজ্ঞেস করেছিলেন-
“তোমার বাড়ি কি রশীদের বাড়ির পাশে?”
তখন আমি প্রথম উপলব্ধি করি
প্রতিবেশীর পরিচয়ে আমাদের সহজ পরিচয়।

আমাদের বাড়ির লতাগুল্ম জড়িয়ে নিয়েছিলো
প্রতিবেশীর বাড়ির আঙিনা।
প্রতিবেশীর লাগানো হাসনাহেনার ঘ্রাণ
রাতভর খেলা করতো আমাদের বাড়িতে,
আমরা ও আমাদের প্রতিবেশী যেন সবকিছুর
এক নিবিড় যৌথ আলিঙ্গন।

তবু অভিমানের দেয়ালে ফোঁটা কৃষ্ণকমল
নিরব দর্শক হয়ে দেখেছে প্রতিবেশীর চরম বিদ্বেষ।
আমাদের দুটি মোরগ
প্রতিবেশীর মোরগের ভাত খেয়েছে বলে
যা নয় তা বলেছে মাকে।
নিমন্ত্রণ না পেয়ে লজ্জায় আর দুঃখে
আমাদের প্রীতিময় আবেগ বড় কৌশলে মুখ লুকিয়েছে
প্রতিবেশীর উৎসবের মেহমান থেকে।

প্রতিবেশীর নাবালক সন্তানটি
যখন সকল বিধিনিষেধ মাড়িয়ে
আমাদের জামরুল কুড়িয়ে নেয়,
গাছতলায় তার খেলার পুতুলটি ফেলে যায়-
যেন অর্ধেক সুখ নিয়ে,
আমাদের অর্ধেক সুখ দিয়ে যায়।

কিন্তু হারিয়ে যাওয়া খেলনার অনুসন্ধানে
কাকীমার মুখের কটুক্তি এসেছিলো আমাদের ঘরে।
আমি ভাবলাম প্রতিবেশী সুখের ভাগে না থাকলেও-
দুঃখের কারণও যদি না হতো,
তবুও অনেক সুখ পাওয়া হতো।

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...