“আত্মিক ”
আত্মার আমি—?
নাকি পার্থিব বৈভবের দিকে ঝুঁকে থাকা চোখ?
আমি কি সেই
নদীপাড়ে বসে থাকা মুগ্ধ কিশোর,
জল ছুঁয়ে যে ভবিষ্যৎ কল্পনা করত,
ঢেউকে ভাবত নিজের ভাষা?
নাকি আমি অন্য কেউ—?
আমি কি পাঠ্যপুস্তকের সামনে
চুপ করে যাওয়া ভীতু মন,
পরীক্ষার হলে যার হাত ঘামে,
অক্ষরগুলো ঝাপসা হয়ে যায়?
নাকি গভীর রাতে
খাতার ভেতর আগুন জ্বালানো
কবিতা-লেখা এক চিরযৌবন সত্তা।
যে বিশ্বাস করে—
শব্দই তাকে বাঁচাবে?
আমি কি প্রেমে পড়লে বদলে যাই?
নাকি রাগ এলে সত্যি হয়ে উঠি?
আমি কি একা থাকলেই আমি,
না কি মানুষের ভিড়েই আমার অস্তিত্ব?
আয়নায় যে মুখ দেখি
সে কি আমারই?
নাকি প্রতিদিনের প্রয়োজন
তাকে বদলে দেয় অল্প অল্প করে?
আমি কি বিভক্ত—
না কি বহুমাত্রিক?
যদি সবগুলোই সত্যি হয়,
তবে কেন এত দ্বন্দ্ব?
যদি একটাও সত্যি না হয়,
তবে আমি কে?
হয়তো
আমি নদীও নই, পাড়ও নই—
আমি কেবল
দু’পারের মাঝখানে
ছুটে চলা স্রোত!
Rayhana yeasmin

Comment
