Ziaur Rahaman Shilon

তাকমা তুইসিনি হাচুক (সোনার পাহাড়ের দেশ)
শহর যেখানে আগরতলা, ইঁট-পাথরের মেলা,
উজ্জয়ন্তের দিঘির জলে হাঁসেরা করে খেলা।
অফিস-কাছারি, ব্যস্ত মানুষ, ছুটছে সবাই কাজে,
শহর সাজে আলোকমালায় স্নিগ্ধ সন্ধ্যে সাজে।
অন্য দিকে পাহাড়-কোলে ছোট্ট একটি গ্রাম,
শান্ত শীতল ছায়াঢাকা— নেইকো কোনো ঘাম।
ঝুম চাষেরই মায়ায় ঘেরা সবুজ বনানী,
চুপটি করে গাইছে পাহাড় ঝরনারই এক বাণী।
ভোরবেলাতে লাঙল কাঁধে কৃষক মাঠে যায়,
পাহাড়ী মেয়ে রিসা পরে কলস ভরে পায়।
শহরেতে গাড়ির শব্দ, গ্রামে পাখির গান,
দুই মিলেই তো গড়ে ওঠে ত্রিপুরাবাসীর প্রাণ।
ককবরক আর বাংলা ভাষা মিলেমিশে এক সুর,
মৈত্রীর এই বন্ধনটি নেইকো কোনো দূর।
মাঠের কোণে গড়িয়া পূজা, মণ্ডপেতে মা,
একই দেশের আলো-হাওয়া, একই মাটির গা।
শহর বা গ্রাম, তফাত কি আর? সবখানেই তো ভালোবাসা,
ত্রিপুরা মোর চিরকালই শান্তির এক শ্রেষ্ঠ আশা।

Leave a Comment