আমার তো কিছুই নয়… – আবদুল্লাহ আল আদীব

ওজন স্তর ভেদ করে সৌর মাইল দূর থেকে
আমার কানে ভেসে আসে
খসিত নক্ষত্রের দীপ্তিহীন কান্না।
চোখ বন্ধ করলেই দেখি—
হিমেল বাতাস বয়ে আনে হাজারো স্বপ্নের বিদীর্ণ ভঙ্গিমা,
আর ঝড়ের সাথে মৃত্যুর আভাস।
নিতান্ত সারল্যে আমি উদভ্রান্ত হয়ে
আমার আপন কিছু খুঁজি।
আমার আস্থা,
আমার নিজস্বতা।
তখনো সহস্র আলোকবর্ষ দূরের এক কৃষ্ণ গহ্বর থেকে একটি কালো গোলাপ হাতে তুড়ি বাজিয়ে ব্যঙ্গ করে কয়— “তোর তো কিছুই নয়।”
আমি দৃষ্টি উল্টিয়ে আমার ভেতরে ডুব দিয়ে দেখি—
ভয়ানক অন্ধকার।
কালপোখরির মতই এখানে সর্বস্ব ছেয়ে গেছে
অতৃপ্ত আত্মার নির্বাক, স্থির টান।
এই গভীর টানে আটকা পড়ে এক বর্ণচোরা,
আমি গ্রাস করছি তাকে।
ক্রমেই টেনে নিচ্ছি আমার ভিতরে।
সে আমার গভীরে গোপন উজ্জ্বল সাদা আলোয়
ছড়িয়ে দিচ্ছে একটি রং।
এই রং গোলাপি।
এই গোলাপি রঙের আভায়
আমার অস্তিত্ব জুড়ে খেলতে থাকে
ইরোটিকার কম্পমান তরঙ্গ।
তীব্র আবেশে আমি।বিহ্বল হয়ে যাই।
ভয়ানক কালপোখরি
যেন নিজেই অদ্ভুদভাবে আচ্ছন্ন হয়ে যায়
এই বর্ণচোরার মায়ায়।
তখনো, একটি গাঙচিল দূর থেকে শিস দিয়ে ডেকে
হাত নাড়িয়ে কয়— “তোর তো কিছুই নয়।”
তবুও আমি দেখি—
প্রত্যেকেই তাদের নিজস্ব টুকরো মেঘে চড়ে
আকাশে ভেসে বেড়াচ্ছে,
ফুল হয়ে ফুটছে নিজস্ব বৃক্ষে,
নিজস্ব সময়েই তাদের আজন্ম উল্লাস।
প্রত্যেকের জন্যই আছে বেড়াতে যাবার টিকেট।
একটি টিকেট আমিও চাই।
তখনো, একটি বালক আমাকে বাধা দিয়ে
কানে ফিসফিস করে কয়— “তোর তো কিছুই নয়।”
বাড়ির দিকে ফিরবো—
দেখি কোনো পথ নেই,
আমার জন্য কোন ঘর নেই।
নষ্ট জল, ক্ষুধার্ত কুকুর, জলের প্লাবন,
পঁচা বীজ, শুকনো পাতা;
যখন আমার চোখে এইসব চিত্র উড়ে—
তখন দেখি আমি কোথাও নয়।
কাদতে গিয়ে দেখি—
কোন একটি দুঃখও আমার নিজের নয়।
তখনো, আমার ভেতর থেকে কে যেনো
খুব করুণ স্বরে কয়— “আমারতো কিছুই নয়।”

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...