এখন আমি বেশ আছি। বেশ ভালো করেই আমার বুকে চেপে আছে নিশ্চুপ, স্বপ্নাহত প্রেমিকের পুড়ে যাওয়া হৃৎপিন্ডের সুন্দর, করুণ আর মর্মান্তিক এই দীর্ঘশ্বাস।
ভাবতেই আজো মেধাশূন্য হয়ে যাই আমি। জানি না কী করে আমার ভালো থাকার একমাত্র উৎস হয়ে যাও তুমি। কেবল ভালো লাগে তোমার-ই সবকিছুই।
তুমি নিজেও আন্দাজ করতে পারবে নাহ! কত যে গভীর প্রেমের কেমন অদ্ভুত মায়ায় তুমি আমায় জড়িয়ে নিয়েছিলে।
প্রেমের এই তীব্র উত্তেজনার রঙিন উত্তাপ আমাকে এতটা অস্থির করে যে, আমি সবখানে শুধু তোমাকেই খুঁজে বেড়ায়। আমি বারবার উদভ্রান্ত হয়ে ছুটে যাই তোমার পথে, তোমার নিত্য অভ্যাসে।
তোমার শূন্য পথের দিকে তাকাতে তাকাতে আমার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে উঠে। আমার দেহের প্রতিটি রক্ত বিন্দু তোমাকে হৃদয় উজাড় করে ভালবাসার দাবি জানিয়ে করে হরতাল। অব্যক্ত আবেগ ভেঙে চুরমার করে দেয় আমার ব্যতিব্যস্ত হৃদয়।
কি হতো— বলো, যদি তুমি আমার ঠোঁটে ঠোঁট রেখে আমার মুখে কিছুটা বিষ ঢেলে দিতে? তবে পৃথিবীর সকল অমৃতের স্বাদ আমার কাছে কেবল-ই তুচ্ছ আর মাটির হয়ে যেতো।
আমার লালসা আর ব্যকুল আকাঙ্ক্ষা তোমার স্পর্শকাতর সুতনু শরীর যদি গ্রাস করতে পারতো, তবে পৃথিবীর সমস্ত ভোগবিলাস, আনন্দ-উল্লাস আমার কাছে বড় বাহুল্য আর অহেতুক মনে হতো।
তোমার বুকের শরবর, আমার উষ্ণ নিশ্বাস, দেহের উত্তপ্ত ঘাম আর তোমার দুচোখের দুফোটা অশ্রু যদি আমার গা গড়িয়ে পড়তো তবে টলমল ফোটায় মুখরিত প্রিয় বৃষ্টিও আমার কাছে নিতান্ত কোলাহল মনে হতো।
আমার কী হত, বলো? কেবল তোমারই মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকতো আমার স্বাভাবিক নিয়মবদ্ধ জীবন-যাপন। সবকিছুই এখন স্বাভাবিক। শুধু প্রেমের কবিতা গুলোকেই অশ্লীল মনে হয়।