দিলে রব মিলে সব, “বলে চলে অন্ধ।”
তার সাথে বাটি হাতে প্রাসাদেতে খঞ্জ—
গিয়ে বলে, “বাদশাহ দিলে তবে পাই,
অভাগার পরিবার পেট পুরে খাই।”
হয়ে খুশি দেয় বেশি বাদশাহ তারে—
বলে অন্ধেরে, “অনাহারে ডাকো আল্লারে।”
একদিন মন্ত্রী সুধালেন বাদশাহে,
“বন্যে কি যায় অন্নের লাগি কারো রাহে?”
এইবার তবে বাদশাহ ভাবে, “হায়!
এত প্রাণী ভবে কোথা হতে সবে খায়?”
আঁখি টলমল এলো এক ছল সাথে—
মন্ত্রীকে বলে, “কুমড়ো দাও ফেলে পথে,
কুমড়োতে স্বর্ণ ও মুদ্রাতে দাও ভরে,
খোদার অপার দেখি যায় কার ঘরে?”
আজিকে খঞ্জ পথে বলিলো যে অন্ধেরে,
“কিভাবে পথ চলো এ ঘোর অন্ধকারে?”
খঞ্জ এ কথা বলে অন্ধের লাঠি তুলে,
নিয়ে নিলো তার হাতে অন্ধের কৌশলে।
খঞ্জ দেখিলো না কুমড়ো অন্ধ সাজিয়া,
অন্ধ চলিলো এবার হামাগুড়ি দিয়া।
স্বর্ণের কুমড়ো ঠেকিলো অন্ধের হাতে,
বিসমিল্লা বলে তাহা রাখিলো থলেতে।
রাজা এইসব দেখে লুটিলো ধূলায়,
কেঁদে চাহিলো ক্ষমা, পড়িয়া সিজদায়।
0 Comments