🇮🇳
একটা স্বাধীনতা
—দীপক বেরা
প্রত্যেক বছর এক একটা করে ‘স্বাধীনতা’ নামক দিন এসে চলে যায় আমাদের বন্ধ্যা উপত্যকা ছুঁয়ে। আদিগন্ত কথার বৃষ্টিবিন্দু ছড়িয়ে দেয় রাজা। কুড়িয়ে নেয় আভূমি আনত মানুষ, বাধ্য প্রজা। প্রতিফলিত কথার শব্দগুলি ঠিকরে ওঠে ওদের চোখে। উপত্যকার ঢাল বেয়ে নেমে আসে গাঢ় বিষণ্ণতার পানীয়—পিপাসার পিয়াস এমনই নিয়ন্ত্রণহীন! ‘বন্দেমাতরম্’ —’ভারতমাতা কি জয়’! শীর্ণকায় পথে হাঁটতে হাঁটতে এভাবেই গণতন্ত্র বাঁচে, এভাবেই বাঁচে…
মাইক্রোফোন থেকে ভেসে আসে কথার ধারাবাহিক প্রেজেন্টেশন, পায়ের তলায় গজিয়ে ওঠে উপনিবেশ। প্রতিশ্রুতির অফুরন্ত সম্ভাবনায় মায়ার টলটলে জলে পদ্ম ফুটে ওঠে! রাজপথ জুড়ে বর্ণাঢ্য মিছিল— “ভারতমাতা কি জয়”! ‘বন্দেমাতরম্’!
ক্রমশ ক্ষয়ে যায় পায়ের তলা। সম্পর্ক— খাদ্য ও খাদক! তবু কথার বিন্দু কুড়াই, কুড়িয়েই চলি… বারবার ভেঙে যায় বিশ্বাসের সৌধ—বারবার তাকে জুড়ে দেয় অবাক প্রতিশ্রুতির ফেভিকল! ইতিহাস জানে ভারতদর্শন, চাণক্যের কৌটিল্য হয়ে ওঠা। আমরা কেবল পাতা উল্টেই চলি…
স্বাধীনতা দিবসের দিনে কে ওড়াচ্ছে বিজয় কেতন? একটু জুম করে দেখো— ধীরে ধীরে দম্ভ চূর্ণ হচ্ছে…
আপাতত কিছুদিন এখন টলটলে জলের মতো মায়া! অবাধ সাঁতার— কোনও প্রতিদ্বন্দ্বী নেই, পরলোক নেই। একটা ‘স্বাধীনতা’ খুঁজতে গিয়ে লাখো লাখো জনতা, কুয়াশার ‘অ্যালপ্রাজোলামে’ বুঁদ হয়ে বারবার পথ হারিয়ে ফেলছে…
🇮🇳
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ১৫ আগস্ট ২০২৬