এইখানে ভালোবাসিও না, প্রিয়… – আবদুল্লাহ আল আদীব

আমাদের ভালোবাসা!
এইখানে ভালোবাসিও না প্রিয়,
এইখানে তাকে অস্ফুট রেখে দিও।
দেখছো না ফুল, ফোটে গেলেই ঝরে যায়।
পিপীলিকা উড়ে উড়ে মিলনের পরে,
চিরতরে, প্রিয়তমা তার প্রিয়তমকে হারায়।

রাস্তার যানযটে গাড়ি থেমে গেলে
ভিক্ষার হাত দৌড়ে এসে আঁকড়ে ধরে,
ফুটপাতে হেঁটে গেলে ‘পরে
ক্ষুধার্ত শিশু করুণ মুখ করে জামা টেনে ধরে।
বলো প্রিয়, এইখানে ভালোবেসে তবো
তোমার নিকটে কীভাবে পৌঁছবো?

জানো প্রিয়? এইখানে বৃদ্ধরা শিশুর মত কাঁদে,
শিশুরা কান্না গিলে বৃদ্ধেরও ভার নেয় কাঁধে।
বুকের দুধ শুকালে মা কাঁদে, বাবা কাঁদে,
পিচঢালা রাস্তায় শুয়ে অসুস্থ রোগী কাঁদে,
যুবক কাঁদে পানিতে ডুব দিয়ে জলের বুদবুদে,
কেউ আবার জয়ী হয়ে হেসে হেসে কাঁদে।

ওহে প্রিয়, পৃথিবীর এত কোলাহলে কান্নার রোলে
কোনো ভিড়ে হাতে হাত তবো না-ই বা ছোঁয়ালে,
অভিমান অনুরাগে দুটিচোখ না-ই বা ভেজালে।
বিদ্রোহী প্রেমিক হবো? সেও বড় ভয়।
প্রকাশ্যে যেটুকু ক্ষয়, গোপনে তা সঞ্চয়,
হৃদয়ের ভালোবাসা হৃদয়েই অক্ষয়।

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...