আত্মহত্যার কারণ… – আবদুল্লাহ আল আদীব

জীবনে কি অসহ্য বোধ হয়েছিলো?
এখন কি হৃদয় জুড়ালো?
এইভাবে আত্মহননের মধ্য দিয়ে
তার আত্মা কি তুষ্ট হলো?
সেকি মুক্তি পেলো?
নাকি কেউ তাকে মৃত্যুদন্ড দিয়েছিলো খুব গোপনে?
সবাই যখন ব্যর্থ হবে তাদের ব্যর্থ ধারণায়
মৃত্যুর রহস্য উদঘাটনে
তখন আমিও হতাশ হবো
নিজেকে এইসব প্রশ্ন করে—
কেন মরলাম আমি?
এই প্রশ্নে আমার দৃষ্টিও আবদ্ধ হয়ে রবে
মইনাতদন্তের ঘরে।
এখনো তো মৃগী হরিণ ঘাই হরিণী নাচে
জীবনের স্রোত ভালোবেসে
কুমিরের হা করা মুখ থেকে জল তুলে খেয়ে।
ফুল ফোটে।
হৃদয়ের উষ্ণ অনুরাগে প্রেম জাগে।
প্রজাপতি তার ডানায় টুকে রাখে মৃত প্রেমিকের নাম।
তারে যেন কেউ কোনদিন-ই ভালোবাসে নাই।
ভালো কেউ আর বাসিবে না তারে।
কোন প্রেমিক কি ভালবেসেছিলো প্রেমিকারে,
নিঃস্বার্থ করে?
হাসপাতালের প্রতিটি ইটের ভাঁজের রুদ্ধশ্বাসও
এখনো ছায়া-নিবিড় প্রকৃতির মাঝে
ডানা মেলে উড়তে চায় মুক্ত বাতাসের আগে।
এখনো অনেক দুরারোগ্য রোগী
হঠাৎ সারকো থেকে বেরিয়ে
আরো দুই পয়সার জীবন ভিক্ষা মাগে।
আবর্জনার স্তূপে আস্তাকুঁড়ের শিশু
আধখানা রুটি হাতে ঠুনকো পায়ে ভর দিয়ে
মেরুদন্ড সোজা করে
এখনো আধখানা উঠে দাঁড়ায়
হাজারো স্বপ্ন আর সম্ভাবণা নিয়ে।
তবুও তো মানুষ মরার জন্য বাঁচে
নাকি বাঁচার জন্য মরে?
মানুষ কতটা নিরুপায়,
নিঃস্ব হলে,
কতটা দুর্বল হলে,
জীবনের ভার টেনে নিতে কতটা ক্লান্ত হলে “পরে
এইভাবে মরে ঝুলে অশ্বত্থের ডালে?
আমার এই জীবন কি মরণের কিছু পেয়েছিলো টের? স্বপ্নগুলো ছিলো বুঝি অশ্বত্থের মগডালে,
তার-ই লেজে ফাঁস লেগে আমি বোধহয় ঝুলে গেছি অশ্বত্থের ডালে।

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...