যৌবনা দীঘি আর বেঁচে নেই… – আবদুল্লাহ আল আদীব

ওহে প্রিয়,
শুধু আমার জন্যে কি করে এতোটা নিষ্ঠুর হলে তুমি?
বলো— কি করে হলে এতটা হৃদয়হীন?
পাথর ঘামে,
নদী তার গতিপথ বদলায়,
উত্তপ্ত মরুভূমি মিথ্যে করে হলেও
বুকে তার ভালবাসার জলরাশি দেখায়।
শুধু তুমি কি করে এতোটা কঠিন,
কঠোর এবং নির্দয় হলে আমার জন্যে?
তোমার কি একটুও মনে পড়ে না আমার কথা?
আমি দীঘি হয়ে স্বচ্ছ জলে শেওলা
এবং কচুরিপানার মত ভাসিয়েছিলেম তোমায়।
তুমি নীল পদ্ম ফুল ফুটিয়েছিলে আমার বুকে।
আসলেই বড্ড বোকা, বড়ই নির্বোধ ছিলে তুমি।
তুমি আমাকে উপেক্ষা করে,
দীঘিকে উপেক্ষা করে মুখ ফিরিয়ে নিয়েছিলে
কয়েকটি শিশির বিন্দুর জন্যে।
অথচ আমি ছিলাম—
অগণিত অজস্র শিশির বিন্দুর সমাহার।
তুমি তা বুঝতে পার নি।
জানি না কীসের অহংবোধ তোমাকে গ্রাস করে রাখে?
যখন তুমি ছিলে বুকে, ছিলাম আমি অনেক সুখে।
যদিও ভালোবাসার বদৌলতে
তুমি আমায় দিয়েছো কেবল অবহেলা,
অবজ্ঞা আর তাচ্ছিল্যতা।
আমি চাই নি ভালোবাসা পেতে,
চেয়েছি শুধুই ভালোবাসতে।
আমি তোমায় বড্ড যত্ন করে রাখতে চেয়েছি সুখে,
ঝিনুকের বুকে মুক্তো যেমনি থাকে।
চাঁদ যেমনি রাত্রিকে তার জ্যোৎস্নাতে রাঙায়,
যেমনি ভ্রমর মৌচাক তার মধুতে সাজায়—
তেমনি তোমায় ভালবেসে রেখেছিলেম সকল আশায়।
তুমি শুধু তুমিই ছিলে আমার স্বপ্ন, আমার চাওয়ায়।
ওগো বন্ধু, কেন এমন করলে বলো?
তুমি ছিলে, দুচোখ জুড়ে আলো ছিলো।
তোমার আমার প্রেমের গীতি পাখির কণ্ঠে বাঁধা ছিলো।
তার পরে তা ছিন্ন হলো।
তোমার আশায় পূর্ণ হলো।
দুচোখ জুড়ে এখন আমার সন্ধ্যাতারার
অল্পখানি সবুজ আলো পান্নার মত জ্বলে।
যৌবনা দীঘি আর বেঁচে নেই হায়!
তার সবটুকু জল কবরস্থ হয়েছে মাটির তলে।

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...