তোমাকে প্রথম যেদিন আবিষ্কার করেছিলাম আমি,
সেইদিন তুমি ছিলে ভোরের স্নিগ্ধ আলোয় কাঁপা
টলমল শিশিরবিন্দুর মত।
তুমি ছিলে নিষ্পাপ, কোমল, ভেজা ফুলের মতো মখমল।
তোমার সুতনু শরীর ছুঁয়ে অজান্তেই
কতবার যে শিহরিত হয়েছি আমি!
আমি একমন একধ্যানে চেয়ে থাকতাম।
আমি খুটিয়ে খুটিয়ে দেখতাম তোমাকে।
তোমার শরীরের প্রতিটি লোম
আমি একটি একটি করে গুনতাম।
আমি ভীষণ মায়াভরে
তোমার চেহারার দিকে তাকিয়ে দেখতাম
তার মাঝে কোনো বেখেয়াল
কোনো বিষণ্নতা আছে কী-না!
তোমার সবকিছুই ছিলো আমার প্রিয়তম আসক্তি।
তোমার সকল দুষ্টো-মিষ্টি পাগলামি
কী যে ভালো লাগতো আমার।
আমার ভালো লাগতো তোমার কন্ঠস্বর,
চলাফেরা, তোমার শিশুসৌলভ আচরণ।
আমি খুব করে চাইতাম–
তুমি আমার সাথে সারাটা দিন শুধু দুষ্টোমি করো,
পাগলামি করো।
তুমি আমায় ভালোবেসে একটু বকাঝকা করো।
আমার খুব ভালো লাগতো–
যখন তুমি ভুল করতে।
আর আমি তোমায় খুব যত্ন করে শিখিয়ে দিতাম।
তোমাকে আবিষ্কার করার ভুত
চেপে বসেছিলো আমার মাথায়।
পৃথিবীর সকল মায়া ও সুন্দরের মাঝে
তোমাকে আবিষ্কারের নেশায় আমি ছিলাম উন্মাদ।
আমার প্রতিটি পদক্ষেপেই আমি খুজে নিতাম
এক নতুন তুমিকে।
এভাবে খুঁজতে খুজতে তারপর একদিন
আমি হারিয়ে ফেললেম তোমায়।
আমার অস্তিত্ব জুড়ে মিশে থাকা
চিরচেনা সেই তুমি হঠাৎ-ই কেমন অচেনা হয়ে গেলে।
এটা তুমি নও।
তুমি কখনোই এমন হতে পারো না।
হ্যাঁ, তোমার ভেতর এবং বাহির
সবকিছুই আমি বুঝতে পারি।
বিশ্বাস করো ওহে প্রিয়—
আমি সেই সব কথার প্রতিটি শব্দের সাথেই মরেছি,
যা আমি তোমার নামে শুনেছিলাম।
এতো নির্মল সেই তুমি_____
না নাহ! তুমি কখনোই এমন হতে পারো না।
কখনোই না।
0 Comments