আমার বেশ মনে পড়ে–
অনেক লোকের ভিড়ে
তোমাকে প্রথম যেদিন দেখেছিলেম,
সেইদিন আমি কোথায় যেন হারিয়ে গেলেম।
সে দিনের সেই প্রথম দেখায়
হৃদয়ের সে কোন যাতনায়
নিজেকে পেলেম অন্যরুপে?
হৃদয় সেদিন ঝলসে গেলো
অজানা কোন উত্তাপে?
সত্যি বলছি।
আমি এখনো বুঝে উঠতে পারছিনে গো।
তুমি কি আমার প্রেম ছিলে?
ভালোবাসা ছিলে?
তোমাকে একটু দেখার জন্যে
আমি হেঁটেছি পথে এবং বিপথে।
তোমার টলমল সম্মোহনের দিকে চেয়ে
আমি উদ্ভ্রান্ত হয়ে ছুটে গেছি তোমার কাছে।
বহুদিন অন্ধকারে থেকে হঠাৎ আলোতে এলে
যেমন কিছুই দেখা যায় না,
তুমি ছাড়া আমার কিছুই ভালো লাগছিলো না।
সবকিছুই বিষাদ আর তুচ্ছ হয়ে গেলো।
তুমি বলো–
একি আমার প্রেম ছিলো?
ভালোবাসা ছিলো?
তুমিই বলো–
কেনো এই সাঁ সাঁ সাঁ?
বুকের মধ্যে কেনো এই তীক্ষ্ণ ব্যাথা?
তুমি নেই বলে কেনো আমার সকল বাসন্তি উৎসব
দিয়েছি বিসর্জন?
করেছি আপন কেনো অকাল নির্বাসন?
0 Comments