(***),
তুমি আমার জন্য একটি কবিতা লিখো আজ।
কী লিখবে তো?
খুব যত্ন করে সাজাবে কবিতার প্রতিটি অক্ষর।
কবিতার শুরুতে তোমার একটি নিশ্বাস দিও।
আমি সেই নিশ্বাস কারুকার্য করে
তুলে রাখবো আমার হৃদয় গহ্বরে।
কবিতার অন্তমিলে,
তোমার চুলের মত কোন শব্দ দিও।
আমি সেই শব্দ দিয়ে আকাশে মেঘ ছড়াবো।
কবিতার ছন্দে তোমার একটি টিপ দিও।
যদি কান্না বোঝাতে চাও,
দুঃখ বোঝাতে চাও,
তবে তোমার চোখের এক ফোঁটা অশ্রু দিও।
আমি সেই এক ফোঁটা অশ্রুতে সমুদ্র স্নান করবো!
বিশ্বয় বোঝাতে চাইলে,
তোমার চোখের মত কোন চিহ্ন দিও—
আমি অবাক হয়ে তাকিয়ে থাকবো।
ভালবাসি বলতে চাইলে,
তোমার ঠোঁটের একটু ছোঁয়া দিও।
অভিমান বোঝাতে চাইলে,
তোমার নাকের মত কিছু দিও।
আর যদি অবহেলা বোঝাতে চাও,
তবে কিছু ভুল বানানে লিখে দিও।
কেবলই একটি কবিতা—
তুমি আমার জন্য লিখো প্রিয়।
0 Comments