ঋজু… – আবদুল্লাহ আল আদীব

কত না বাহুল্যে বেঁচে থাকতাম তবে—
যদি ভুল বানানে লিখতে পারতাম
জীবনের অনেকখানি গল্প।
যদি গোড়া থেকেই
অনেকখানি না বুঝে থাকতাম,
প্রতিটি ‘আজ’ ভুলে যেতাম
আগামী দিনের পাঠ।
না চিনতাম জলরং,
না শিখে থেকে যেতাম অনেক কিছু।
যদি সবার থেকে পিছিয়ে থাকতাম
অনেকখানি পথ,
যদি এ জীবন অনেকখানি ঋজু হয়ে থাকত—
তবে কত না বাহুল্যে বেঁচে থাকা হতো।

বড় ইচ্ছে করে এখনো
তুলসীরঙা দেহে লেপ্টে থাক কিছু কাঁদামাটি।
আমি কাঁপা কণ্ঠে আবারও ‘মৃত্তিকা’ বলি।
এখনো কাঁঠালগাছের নিচ থেকে,
শুকনো পাতার মতো মর্মর হাতে
কুড়িয়ে নিই কিছু টাকা।
বর্ষায় এখনো হাঁটু-পানির জলরাজ হওয়ার
আমোদ-উল্লাসে ভুলে যায় সব বিচিত্র অপমান।
এখনো কিছু না বুঝে নদীর জলে ধুয়ে নিই
ঘৃণা, অবহেলা আর উপেক্ষার কালি।
আবারও বাড়ি ফেরার আগে
দশ-বারোটা হাত একসাথে করে সন্ধ্যার আকাশে
ছুড়ে দিই একগুচ্ছ সম্ভাবনা।

জানি,
বিকেলের রোদে সকালের মতো উত্তাপ থাকলেও
তবুও সে তো সকাল নয়।
ক্রমেই বড় হতে থাকে ছায়া,
নুয়ে পড়ে সূর্য—
অগাধ ক্লান্তি আর অবসাদ নিয়ে।
তবুও এখনো মাঝে মাঝে কিছু কৌতূহল
ফসকে গিয়ে আছড়ে পড়ে প্রত্যেকটি ফুলের নামে।
স্মৃতির ভ্রম এখনো ক্লান্ত হয়ে ফিরে যায়
নাকফুল কুড়াবার দিনে।
সেই দিন, সেই স্মৃতি—
আমাকে কেউ ফিরিয়ে দেবে না। কেউ না।

এখন কেউই আমাকে আদর করে খেতে দেয় না
আলু-সিদ্ধ আর ডিম।
গভীর জল আমার নিঃশ্বাস চেপে ধরে কি না
এটি দেখার জন্য এখন আর কেউ দাঁড়িয়ে থাকে না।
কারণ—আমি সাঁতার কাটা শিখে গেছি।
ধীরে ধীরে আমি সম্পূর্ণ চেপে বসেছি নিজের উপর,
হয়ে গেছি পরিপূর্ণ মানুষ।
শৈশবের একদিন সমান সময়ে
এখনের একদিন পূর্ণ হয় না।
এখনের দিনগুলো তাই সস্তা মদ,
প্রেমহীন নারীর স্পর্শ।
হরিণের নাচ নয়—
ক্ষিপ্র পদচারণার মাঝেই খুঁজে বেড়ায় জীবনের অনাবিল সুখ।
বেঁচে থাকার নির্যাস তুলে আনতে হয়
কয়েকজন বন্ধু মিলে, বিচ্ছিন্ন কোনো আড্ডায়—
বেখেয়ালি সুরে চিৎকার করে গাওয়া
ব্যর্থ কোনো গান থেকে।

সংসারে আবদ্ধ টান ডেকে নেয় কাছে।
আর এখানেই উদ্যম প্রতিভা,
ভালোবাসায় জড়ানো মায়া,
তোমার মোহ—
উপায়হীন নিঃস্ব প্রয়োজন আমাকে নির্মম হাতে
বুঝিয়ে দেয় বাস্তবতা।
সহসা বাস্তবতা তার উদ্ধত হাতে
জীবনের খণ্ড-খণ্ড ছবি একে যায় নিরালায়—
মৃত্যুর উপত্যকায়।
দুঃখগুলো এখন আমার ওষ্ঠে
খুব যত্ন করে এনে দেয় স্মিত হাস্য।
আনন্দে অশ্রু সিক্ত হয়ে ওঠে দুটি চোখ।
কোনো আবেগ কিংবা অনুভূতি নয়—
এখন আমার নষ্ট মেধা আর ঝাপসা চোখে
কেবল ধরা পড়ে
জীবনের অসংখ্য ভুল ব্যাখ্যা।

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...