একটি কথাও রাখা হলো না… – আবদুল্লাহ আল আদীব

একটি কথাও রাখা হলো না। কৈশর গেলো, যৌবন গেলো, শৈশবের এলো-মেলো স্মৃতি গুলোও একে একে ভুলে গেছি সব হলুদ হেমন্তের পাকাপোক্ততায়।
কোন দায় না; এই দীর্ঘ জীবনে একটি কথাও রাখা হলো না।

মাকে একদিন বলেছিলাম : “মা, তোমায় আমি জগতশ্রেষ্ঠ মহীয়সী নারীর শিরোপা এনে দেবো, এনে দেবো শাপলা, ইলিশের সাথে কুমড়োর পাতা। আরো রান্নার জন্য সমুদ্রের সেই সাদা হাঁসগুলো ।”
মা সেদিন খানিকটা মলিন হেসে বলেছিলেন : “আমি কি ততদিন বেঁচে থাকবো রে খোকা? সেইদিন বাবার কান্ত চোখেও দেখেছিলাম খানিকটা মৃদু হাসি।

গল্পের এক মজলিসে কথার কথায় সবাইকে চমকে দিয়ে বলেছিলাম : দেখো, আমি একদিন অনেক বড় হবো। তখন আমার উপর তোমাদের আর কোন আক্ষেপ থাকবে না। থাকবে না কোন অভিযোগ।”
সেই থেকে সবার চাইতে আমার উপর আমারি আক্ষেপ সবচেয়ে বেশি রয়ে গেলো। বাবার নিজ হাতে লাগানো আমার পাঁচ বছরের ছোট কাঁঠাল গাছটিও কত্ত বড় হলো, কিন্তু আমি________

একদিন আমার ভালবাসা বলেছিলো : “তাকে তার ভালবাসা ফিরিয়ে দিলে, সে আমাকে ভালবাসবে। আমাকে রাখবে তার জীবনে।”
ভালবাসাকে বাজারের পণ্য মনে করে আমিও রাস্তার মোড়ে বসে পড়ি হৃদয়ের দুই টুকরো দীর্ঘশ্বাস হাতে নিয়ে। উড়ন্ত চিলের ওষ্ঠো থেকে খুব যত্ন করে তুলে আনি দুইটি নিবিষ্ট চুম্বন। তারপরেও ভালবাসার ব্যর্থ লেনদেনে আমাকে কেউ ভালোবাসে নি। জীবনটাকে এখন কেবল-ই অদ্ভূত চুক্তি মনে হয়।

একটি কথাও রাখা হলো না। দীর্ঘ জীবন কেটে যায়। একটি কথাও রাখা হয় না। একটি কথাও না।

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...