পরিশুদ্ধির আগুন… – আবদুল্লাহ আল আদীব

ওহে প্রিয়—
নির্বাসিত রাত্রি, চেনা অন্ধকার,
অনন্ত নক্ষত্র-বিথী,
চাঁদের ভাসমান মৃদু আলো,
দিনের প্রকাশ্য ঘুম আমাকে ডাকে।
তুমি কি শোন তারকা-কুচির মতো শব্দ,
মায়াবী সুর, পানির বুদবুদ?
আরও বিচিত্র শব্দে আমাকে ডাকে
নির্জন পথ, নিঃসঙ্গ ভ্রমণ, পতিত আত্মা,
পাহাড়, সমুদ্র, আদিগন্ত আকাশ।
এরা আমাকে বলে—
কার ভালোবাসা পেতে চাইছিস তুই?
তুই নিজেও কি ঠিকমতো ভালোবাসতে পারিস?
এই যে দেখ— জ্বলন্ত কয়লা; মানুষের পৃথিবী,
এই যে ছাই— এটাই মানুষের জীবন।
আর এইখানেই তোর পরিশুদ্ধি!
তার কথাও একবার ভেবে দেখ!
ইচ্ছে করলেও কি
ভালো না লাগা মানুষকে ভালোবাসা যায়?
তোর তাকে ভালো লাগে, তাই ভালোবাসিস,
কিন্তু তার ভালোবাসা পেতে চাইবি কেন?
এটা তো অন্যায়।
যা, এখন এই পরিশুদ্ধির আগুনে জ্বলে
শুদ্ধ “হ” গিয়ে— যাহ্!

আমি শুদ্ধ হতে পারলাম না প্রিয়।
এমন শুদ্ধায়ন আমি সহ্য করতে না পেরে,
প্রেমের শাশ্বত রং
আবারো আমার সারাটি অঙ্গে মেখে
ডুব দিলাম গভীর জলে।
তারপর সেই আবদ্ধ কোলাহলে
নিঃশব্দে নিহত হয়ে,
এইখানে আমার পুনঃজন্ম।
এইখানে আমি বেড়ে উঠছি
প্রকৃতির নীরব রোদনে,
নীরব দহনে আমি পুড়ছি।
এই অসীম প্রেমে হারিয়ে গিয়ে
তোমার জন্য লিখবো বলে
ধুলো-বালি, বাতাস থেকে
কুড়িয়ে কুড়িয়ে লিখছি—

তোমাকে পাইনি তাই—
আমি পেয়েছি অসীম আকাশ,
পেয়েছি মুক্ত স্বপ্ন একরাস
বাতাসের ঝাপটায়।

তোমাকে পাইনি তাই
পেয়েছি স্বাধীন অনন্ত সীমানা,
পেয়েছি প্রেমের স্থায়ী ঠিকানা
নিঃসঙ্গ নিরবতায় ৷

তোমাকে পাইনি তাই—
বর্ষায় বৃষ্টি ভেঁজা কদম ফুলে
চুমু খেয়ে আজি নিশ্বাস নিলে
তোমারই ঘ্রাণ পাই।

তোমাকে পাইনি তাই
পেয়েছি মেঘের শৈশব কচি জলে।
ভরা যৌবনে নদী গর্ভবতি হলে
আমি ভেসে যাই অজানায়।

তোমাকে পাইনি তাই—
পেয়েছি তোমায় অসীমতায় অনন্তে,
পেয়েছি তোমায় শূন্যতায় আদি-অন্তে,
তোমায় পেয়েছি অপূর্ণতায়।

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...