হেমন্ত
সবুজ হাসে সবুজ ঘাসে
হেমন্ততো নাচে,
দিয়েছিল ফুলের ডালি
সেদিন আমার কাছে।
পাকা ধান হলুদ শিষে
দুচোখ যখন হাসে,
দূরের গাঁয়ের দস্যি মেয়ে
আমায় ভালোবাসে।
আঙুল ধরে ভোরের বেলা
শিশির ভেজা পা,
খেজুর রসে ফুলছে পিঠা
পেট ভরে তুই খা।
🎾
খোকার পাখি
রমজান বিন মোজাম্মেল
খোকার পোষা সেই পাখিটি
সবুজ রঙের টিয়ে,
এখন খোকা সময় কাটায়
মস্ত আকাশ নিয়ে।
এমন আকাশ খুশির আলো
ছড়িয়ে দিলে মনে,
সুর ধরে যে গাইবে পাখী
আম, কাঁঠালের বনে।
খোকার পাখী নাম ধরে যে
ডাকবে খোকা আয়,
আদর করে পায়েস দেব
পাখীর পাড়া গাঁয়।
কত্ত খুশি মনের কোণে
ঠোঁটের কাছে লাল,
কুমড়ো পাতা আমের সাথে
যখন লাগে ঝাল।
🎾
বন্ধু তুমি এসো
— রমজান বিন মোজাম্মেল
বন্ধু তুমি আমার গায়ে আইস মোহনায়
এক সুরে গান পদ্মা জুড়ে ঘুঙুর পরে পায়।
নামটি গাঁয়ের সেই ফতেপুর
নাচছে আকাশ আলোর দুপুর।
পিঠার আদর কাক ডাকা ভোর ।
গাইছে দূরে একতারা সুর।
খেজুর গুড়ে মুড়িমাখা দারুণ লাগবে খেতে
খাসার বাটি, পায়েস খাবি শীতলপাটি পেতে।
মায়ের হাতে দুধে ভেঁজা চিতই চুলায় বসে,
ভাপাপিঠা দারুণ লাগে খেতে খেজুর রসে।
অন্যরকম মজা পাবি
গাছে চড়ে ফলটি খাবি!
পুকুর জলে ডুবসাঁতারে আছে কলার ভেলা,
খইচিড়া আর মুড়িরমোয়া রমনা জুড়ে মেলা।
বিন্নি ধানের শিরনী খাবি তুইতো বন্ধু এসে,
এসব কিছু মায়ের হাতে তোকে ভালোবেসে।
🎾
নীলিমায়
— রমজান বিন মোজাম্মেল
নীলিমায়
ছুটে যায়
পাখীদের দলে ।
দূর দেশে
গেল কে সে?
কত কথা বলে।
হামাগুড়ি
দেয় বুড়ি
চাঁদে তার ঘর।
নেচে গেয়ে
আসে ধেয়ে
বসে অতঃপর।
মোয়া চায়
হাতে পায়
তেলে ভাজা সুজি।
খেয়ে ধেয়ে
গেল মেয়ে
তাকে রোজ খুঁজি।
🎾
স্বপ্ন কিসে
— রমজান বিন মোজাম্মেল
স্বপ্ন কিসে
ধানের শীষে
হলুদ বরণ দেশ।
কানের দুলে
তিস্তা দোলে
মেঘের মত কেশ।
শাপলা শালু
আমার খালু
ধানের শীষে হাসে।
একতারাটা
ঐ পাড়াটা
বাউল হয়ে আসে।
জ্যৈষ্ঠ জুড়ে
গন্ধ ভোরে
কাঁঠাল পাকা ঘ্রাণ।
ক্ষুধার পেটে
খাচ্ছি চেটে
আমার সোনার ধান।