কেবল আমিই স্বপ্ন দেখি… – আবদুল্লাহ আল আদীব

(***) আমি কাল সারাটি সন্ধ্যে
সমুদ্রপাড়ে বসে বাঁশি বাজিয়েছি।
সেই বাঁশির সুরে তুমি নেচে গেয়ে
দূর সমুদ্রে মিলিয়ে গেলে।
তারপর আমি ভগ্ন মনে
আবারও মেঘের কোলে বসে বাঁশি বাজিয়েছি।
আর তুমি আমার কোলে মাথা রেখে ঘুমোচ্ছিলে।
রুপোলি জ্যোৎস্না, জোনাকি, চাঁদের মিষ্টি আলো,
ময়ূরের পেখমে তোমার ছবি,
প্রজাপতির ডানায় চিঠি,
বাতাসে তোমার ঘ্রাণ— এইসব ভাবতে ভাবতে
আমার ঘুম এলো আবেশে।
আর ঘুমের মধ্যে স্বপ্ন,
স্বপ্নের মধ্যে তুমি।
আহ্হ্! কী সুন্দর আর প্রস্ফুটিত—
এই ঘুমের মধ্যে ঘুম,
স্বপ্নের মধ্যে স্বপ্ন।

(***), চেয়েছিলেম মেঘ—
মেঘ কি আর রইলো;
তোমার আশায় থেকে সেও
বৃষ্টি হয়ে ঝড়ে গেলো।
(***), চেয়েছিলেম পাহাড়
মেঘের আড়ালেতে।
ভাঙলো তারও হাড়, পাঁজর
বজ্রের আঘাতে।
চেয়েছিলেম আলো, অন্ধকারে
লুকিয়ে দেখতে তোমায়।
আলো সেও আগুন হয়ে
পুড়িয়ে গেলো আমায়।

(***), কত বিলাস বহুল সুখ
আর সুউচ্চ অট্টালিকার মাঝে বিস্তীর্ণ তোমার জীবন।
তোমার এত উজ্জ্বল প্রসপেক্ট
আর উচ্চ স্ট্যাটাসের মাঝে আমার স্বপ্ন গুলো
তোমার মাথার উকুন ব্যতিত কিছুই নয়।
তুমি কি স্বপ্ন দেখবে সাধে?
কেবল আমিই স্বপ্ন দেখি;
ভাঙা খাটে শুয়ে ঢলে পড়া চালের ফাঁকে
নিস্তব্ধ রাত্রিতে চাঁদকে পাওয়ার স্বপ্ন।

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...