আমাকে দাওনি তুমি… – আবদুল্লাহ আল আদীব

এখন গেলেও দেখতে পাবো—
সমুদ্রের তীরে জাহাজ এসেছে ফিরে,
ডিঙি নৌকা গুলো ভাঙছে ঢেউয়ের উপর ঢেউ,
দুটি পাড় থেকে দুইজন
একই সমুদ্র পাড়ি দেওয়ার পরেও,
আবারও একই দূরত্বে সরে গেছে।
সমুদ্রের জল সেও রয়েছে দ্বিধায়,
সে ঢেউ তুলে কোন তীরের মায়ায়?
মেঘ সে-কি আকাশকে চায়?
তবে সে কীসের টানে মাটির বুকে নেমে আসে হায়?
আমি জানি না তো!
ওই সুমধুর কুহুকুহু তান—
সে-কি কোকিলের সন্তান হারা শোক?
দুঃখের বিলাপ?
মাতৃত্বের টান?
আমি জানি না তো!
তুমি কি চাও?
আমি যে তার কিছুই বুঝি না।
কিছুই জানি না।
শুধু জানি, তোমাকে আমি পাই নি কোনদিন-ই।

কত বিষণ্ণ রাত্রিতে
আমার বুকে অন্ধকার ছেয়ে গিয়েছিলো।
বিরহের ব্যকুল অনুভূতি
রাক্ষসের মত শুষে নিয়েছিলো
আমার হৃৎপিন্ডের সবটুকু বাতাস।
সেই বিমর্ষ দিনে আমি ভিখেরির মত হাত পেতে
দাঁড়িয়ে ছিলাম তোমার দ্বারে—
ভালবাসা, প্রেম, গভীর চুম্বন, ঘনিষ্ঠ আলিঙ্গন কিংবা
তোমার হাতের কোন সোনালী আঙটি আমি চাইনি।
চেয়েছিলাম একটু সময় নিয়ে
কেবল দুচারটে কথা বলো,
মাঝে মাঝে খোঁজ নাও আমি ভালো আছি কী না?
আজ বড় বিস্ময় ভরে বলি—
সেই দীর্ঘ সময়ের সুকঠিন স্বার্থপরতায়
জীবনের উশৃঙ্খল বিশৃঙ্খলায়
আমাকে দাওনি তুমি প্রশান্তির শান্ত দাওয়ায়।

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...