তার প্রত্যুত্তরে… – আবদুল্লাহ আল আদীব

যখন কেউ বলে, কখনো কি কাউকে ভালবেসেছিলে?
তার প্রত্যুত্তরে আমি বলতে পারি না কিছুই।
হায়! এই দেশ ও দশের কাছে কীভাবে বলি?
বহু বছর আমি ভিক্ষুক হয়ে
নীরবে নিভৃতে হেঁটে গেছি ভালোবাসার অলিগলি,
শুধুই এই আশায় যদি তার একটু ভালবাসা পাই।

হায়! বড় লজ্জায় তার প্রত্যুত্তরে
আমি বলতে পারি না কিছুই।
এই সমাজ ও জাতির কাছে আমি কীভাবে বলি?
তাকে গান শোনাতে
যেই পাখিটিকে প্রতিক্ষায় রেখেছিলাম
হিরন্ময় পয়েন্টের সবচেয়ে হাস্যজ্জল গাছে;
তার তীব্র অবহেলায়
সেই পাখিটিও বাকরুদ্ধ হয়ে তলিয়ে যায়
আটলান্টিকের গভীর নিঃস্তব্ধতায়।

তার শরীরের গন্ধে মিশে যেতে
আমার হৃৎপিন্ডের ভেতর যেই ফুল ফুটেছিলো,
সেই ফুলটিও মরে যায় কোন এক বিপন্ন দিনে।
সেই মৃত, শুকনো, খড়খড়ে ফুল থেকে
এখন আমার নিঃশ্বাসের সাথে বেরিয়ে আসে
কেবল-ই তামাকের মাতাল হওয়া ঘ্রাণ।

কখনো কি কাউকে ভালোবেসেছিলে?
তার প্রত্যুত্তরে আমি কী করে বলবো হায়?
যাকে ভালোবেসেছিলেম,
যার জন্য হৃদয় মাঝে জন্মেছিলো প্রেম
খুব-ই নীরবে গোপনে,
তার-ই দেওয়া আঘাতে
এখন প্রেমের সবটুকু অনুভূতি নিঃশব্দে নিহত হয়ে
সমাধি গড়েছে মনে।

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...