ভালোবাসার গল্প… – আবদুল্লাহ আল আদীব

অলৌকিক নয়, জীবনের গভীর কোনো দর্শন নয়, নয় বিজ্ঞানের জটিল কোনো থিয়োরী। আমি বারংবার কেবলই তার কথা ভাবি। আমি একটি কথাই বারবার করে ভাবি। নিজের ইচ্ছাতে ভাবি আবার অনিচ্ছাতেও ভাবি। আমি না চাইতেও কেবলই মাথার ভেতরে ঘোরে সামান্য এই ভাবনা— “কেন সে আমায় একটুও ভালোবাসলো না? একটু করুণা করেও না।”

একদা সময় ছিলো এক। যখন তার বুকে নেমে আসতো রাত্রি। ভালোবাসার কষ্টে দুটি চোখ আন্দোলিত করে ভেঙে যেত তার অশ্রুর বাঁধ। আমাকে সে বলতো, আমি তার হৃদয়ে কান পেতে শুনতাম— বক্ষফাটা তারার মতো তার সেই রাত্রির আর্তনাদ।

তাকেও ভালোবেসে চরমভাবে আঘাত করেছে কেউ। সে তার বুক থেকে শেকড়সহ উপড়ে নিয়েছিলো ভালোবাসার সবটুকু দাবি-দাওয়া। সে ছাড়াও তার একটি প্রিয় বাগান ছিলো। এটি ছিলো তার সুখের বাগিচা। এটি তার স্বপ্নের বাগিচা ছিলো। এই বাগিচায় কয়েকটি সুন্দর ফুটফুটে চারা গাছ ছিলো। এরাই ছিলো তার প্রেম, তার ভালোবাসা, তার বেঁচে থাকার আশা।

সেই বাগিচার পাশে একটু দূরে শুকনো একটি টবে আমি ছিলাম। আমি দেখতাম সে রোজ রোজ সকাল, দুপুর, সন্ধ্যা এবং রাত্রিতে তাদের নিয়ে হাসি, উল্লাস এবং ভালোবাসায় মেতে থাকতো। তাদের মধ্যে যখন অভিমান হতো, সে আসতো আমার কাছে। আমাকে সে বলতো। আমি প্রাণ ভরে শুনতাম। তখন সে কান্নায় ভেঙে পড়তো। তখন তার চোখের জলে আমার টবের মাটি কিছুটা শীতল হতো। আর আমার নিভু নিভু প্রাণটাও একটু সতেজতা ফিরে পেতো। যদিও সেই জল আমাকে দেওয়ার জন্য ঝরে নি।

অভিমান, রাগ, ভালোবাসা, অনুরাগ তাদের মধ্যে সবকিছুই ছিলো। কোথাও যাওয়ার আগে সে তাদের প্রাণভরে ভালোবেসে যেতো। আবার কদিনের দূরত্বে যেই ভালোবাসা জমা হতো ফিরে এসে মন উজাড় করে সেই ভালোবাসা দিতো। আমি দেখতাম— তাদের মাঝে অভিমান হলে কিংবা রাগ করে একে অপরের সাথে কিছুদিন কথা না হলে, সে পাগলের মতো তার কাছে ছুটে যেতো। তাহাদের কাছে ছুটে যেতো।

ওহে, সে তাকে অনেক বেশি ভালোবাসতো। সে তাকে অনেক বেশি ভালোবাসতো। সে তাকে অনেক বেশি ভালোবাসতো। তাহাদের সে অনেক বেশি ভালোবাসতো। আমি কেবলই আফসোস করে ভাবতাম— হায়, আমিও যদি তার এমন ভালোবাসা পেতাম!

আমি তাকে বলতাম, মহোদয়। সে বলতো জ্বী জনাব। আমি বলতাম— “অনেকদিন হলো আপনি আমার কাছে আসেন না। কথাও বলেন না।” সে বলতো: “আমার বড় দুঃখ! আমার ওই প্রিয় চারা গাছটি আমার উপর অভিমান করে ফুলের সবকটি পাপড়ি গুটিয়ে নিয়েছে।” তখন আমি তাকে বলতাম— “আমিও যে আপনাকে ভীষণ রকম ভালোবাসি। আপনাকে কাছে না পেয়ে আমারও যে হৃদয়ের উষ্ণতা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে।” সে বলতো: “আমার মন ভালো নেই। আমার কিছুই ভালো লাগছে না।”

আমি বলতাম— “আমাকে ভালোবাসতে হবে না। যত্নও করতে হবে না। একটু দেখুন কাঠফাটা রোদে আমার টবের মাটি যে শুকিয়ে চৌচির হয়ে গেলো। তোমার প্রিয় বাগিচার জন্য সযত্নে তুলে রাখা পানি আমি চাই না। তুমি শুধু আমার একটু কাছে এসে তোমার দুঃখের কথাগুলো আমাকে শোনাও। তোমার চোখের দু’ফোটা জল দাও।” সে বলতো: “আজ আমার কিছুই ভালো লাগছে না। আমার ওই প্রিয় গাছটি তার ফুল ফোটানো বন্ধ করে দিয়েছে। আমার বড্ড বেশি মন খারাপ।”

আমি তাকে বলতাম— “দেখো, তোমার জন্য পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সুবাসিত ফুল আমি ফুটিয়েছি। তুমি কি তার সৌরভ একটু গায়ে মেখে দেখবে? হয়তো ভালো লাগবে তোমার।” সে বলতো: তাকে ছাড়া আর কাউকেই চাই না আমার। আমাকে যদি ভালোবাসেন, তাহলে আমার সেই হারানো ভালোবাসা আমাকে এনে দেন।” তখন আমার নিজেকে বড় তুচ্ছ আর আগাছা মনে হতো।

আমি বলি— “তুমি কি আমার বন্ধু হবে? বেশি কিছু না, শুধু মাঝেমধ্যে আমার একটু খোঁজ নেবে। তোমার মনে আমাকে একটু জায়গা দেবে? আমি আমার সবটুকু দিয়ে তোমার কষ্টের সাথে মিশে যেতে চাই।” হায়! ভাবতেই এই বুক ক্ষত-বিক্ষত হয়ে চোখ হতে ঝরে রক্ত। তাকে কাছে না পেয়ে টবের মাটি শুকিয়ে দম বন্ধ হয়ে আসতো আমার। তখন আমি কিছুই বলতে পারতেম নে। তাকে একটু দেখার জন্য আমার মন ব্যাকুল হয়ে যেতো।

মাস পেরিয়ে যেতো, তার সাথে আমার কথা হতো না। অনেকদিন পর আমি তাকে বলতাম— “আজ অনেকদিন হলো আপনার সাথে আমার একটুও কথা হয় না, দেখা হয় না। আজ আমার ভীষণ রকম কষ্ট হচ্ছে। বেদনার ঢেউ তুলেছে হৃদয়ের সমুদ্রে। আপনাকে আজ বড্ড বেশি মনে পড়ছে। মন ছুটে যেতে চাইছে আপনার কাছে। দয়া করে আজ আমাকে একটু সময় দেবেন?”

কীভাবে বলবো আমি হায়? আমাকে সে একটুও সময় দেয়নি। কথা বলেনি। দেখা করেনি। ভালোবাসা দূরে থাক, একটু মানবিকতাও সে আমার সাথে দেখায়নি। আমাকে সে টব থেকে তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় বাগিচার অনেক দূরে। শূন্য টবে তখন কিছু পিঁপড়া, পোকা-মাকড়। এগুলো কি পিঁপড়া, পোকা-মাকড় নাকি আমার ভালোবাসা? আমি ঠিক বলতে পারবো না।

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...