Meghna Mohona

কবিতা:

বোবা ফুল
__মেঘনা মোহনা

আপনি আর আসবেন না মালি সাহেব!
আর আসবেন না আপনার বাগানে।
আপনার রাজ্যে আপনারই প্রবেশ নিষেধ করছি
ভাবতে পারছেন কি বড় দুঃসাহস আমার!

রাজ্য আপনার হলেও রাণী তো আমিই
যে সৌন্দর্যের পূজারী আপনি তার মালিকও আমি।
যে ঘ্রাণে পাগল আপনি তাও আমারই
সেই বলে এতটুকু সাহস কি বড়ই বেমানান আমায়?

আপনি যখন ব্যস্ত অন্যর সৌন্দর্যে মাততে
আমি তখন ব্যস্ত আপনাতে।
আপনার কাছে হয়তো সবচেয়ে সুন্দর ফুলটি নই আমি,
কিন্তু আমার যত্নের একমাত্র মালি সাহেবটি তো আপনিই !

আপনাকে দেখলেই আমার সতেজ
পাপড়িগুলো কেমন চুপসে যায়।
রঙিন আমি, বেরঙিন হয়ে যাই
প্রাণবন্ত আমি, নেতিয়ে যাই
তাই আপনি আর আসবেন না।

আপনি তো চাইলেই আমাকে
পেতে পারেন মালি সাহেব !
কিন্তু আমি তো চাইলেই আপনাকে পাই না
আপনি তো চাইলেই আমাকে
তুলে নিতে পারেন মালি সাহেব !
কিন্তু আমি তো পারি না বোঁটা ছিড়ে চলে যেতে।

মালিসাহেব! আপনি আর আসবেন না।
আসবেন না আর আমার কাছে, দিবেন না আমায় দেখা
আপনি তো আর দেখেন না বিদায়বেলা আমার শুভ্র
পাপড়ি গুলো কেমন রক্তাভ হয়ে ওঠে।
দেখবেন কিভাবে? আপনি তো ফিরেই তাকান না।

আপনি না আসলে আমি আর পথ চেয়ে থাকবো না
তবে আপনাকে দেখার সাধ
আমার এ জনমেও মিটবে না।
ছোঁয়ার আকুলতাও ফুরাবেনা
কাছে পাওয়ার ব্যাকুলতাও কমবে না
পরিশেষে, আমার অপেক্ষার প্রহর কখনোই কাটবেনা।

তবু আপনি আর আসবেন না মালি সাহেব!
আমার নিস্তেজ দেহে পানি ছিটিয়ে
পুনরায় তাজা করতে, আর আসবেন না।
আমি তো চাইলেও পারিনা বলতে একথা আপনাকে
কেননা আমি তো কেবল নিছক এক বোবা ফুল।

______সমাপ্ত______

0 Comments

প্রতিটি লেখাই কি অমর ?