নষ্ট প্রেম… – আবদুল্লাহ আল আদীব

অনেকদিন পর অফিস থেকে বাড়ি ফেরার সময় রাত্রির নির্জন পথে আধো আলো আধো অন্ধকারের মাঝে তোমাকে একটু দেখতে পেলাম।

জ্বি! তোমাকে আমি অনেক দূর থেকেও চিনতে পারি। আমি দেখলাম এই যে অন্ধকারে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে চাঁদের ঘোলা আলোয় এ-যে আমার সেই প্রেম। তুমি অটোরিক্সা থেকে নেমে বাড়ির দিকে যাচ্ছিলে।

এভাবে পেছন থেকে তোমাকে ঝাপসা দেখেই দুমড়ে-মুচড়ে আমার বুক থেকে গলিত লাভার মতোই বিস্ফোরিত হতে লাগলো নষ্ট প্রেমের সেই পুরনো অনুভূতি। সেই পুরনো দিনের মতোই আমার খুব করে ইচ্ছে করলো তোমাকে একটু দেখি।

না না, একটু নয়। আমার খুব ইচ্ছে হলো আমি পলকহীন সমস্ত জীবন কেবল-ই তোমার দিকেই তাকিয়ে থাকি। মরুচারীর জলপিপাসার মতোই আমার ভেতরে জন্ম নিলো তোমাকে প্রাণ ভরে দেখার অতৃপ্ত সাধ।

আমার দেখতে বড় ইচ্ছে হলো, এখনও তোমার নির্ভেজাল সহজ-সরল চেহারায় নীরব সম্মোহন খেলা করে কী না? আমি কি সেই মোহময় সম্মোহনের দিকে চেয়ে হয়ে যাবো বিহ্বল?

আমার দেখতে বড় ইচ্ছে হলো, এখনও আগের মতোই তোমার চোখে কি অঙ্গ দোলায় নদীর জলে খসে পড়া শিশিরের টলটলে ফোঁটা?

এখনো আগের মতোই, তোমার নাকে কি ঠোঁট লাগিয়ে তুলে মোহন বাঁশির সুর প্রেমের নেশায় মাতাল হওয়া কিশোর?

তোমার জিহ্বার রসে এখনও কি মৌমাছিরা
নৈশভোজে মেতে ওঠে? তোমার রসালো ঠোঁটের দিকে চেয়ে, আমি কি আবার প্রেমিক হয়ে ঠোঁট ডুবিয়ে শুষে নিতে চাইবো তাহার নির্যাস; অমৃতসুধা?

এইভাবে কল্পনায় নিজের ভেজা পালকে আমি নতুন করে সাজাতে বসলুম আমার মনের চিলেকোঠায় পুরনো সেই তুমিকে।

আমার মনে পড়লো এমনও এক সময় ছিলো— যখন প্রভাতের প্রাণবন্ত সূর্য সজীব উষ্ণতা নিয়ে পাখিদের কলকাকলির ফাঁকে প্রকৃতির শাশ্বত সৌন্দর্যকে সাক্ষী রেখে রংধনুর সাতটি রং নিয়ে তাতে আপন মাধুরি মিশিয়ে তোমার চোখে, নাকে, গালে আলোয় আলোয় গোপনে আল্পনা এঁকে দিতো মন পাগল করা ফাগুনের হাওয়ায়।

তারপর সহস্র আলোক বর্ষ দূর থেকে আগত কোনো এক নিশাচর পাখি আমার কানে চুপিচুপি প্রেমের বার্তা শুনিয়ে বলতো; “তুমি প্রেমিক। ভালোবাসার ব্রত নিয়ে তুমি বেঁচে থাকবে। তুমি ভালোবাসবে পাগলের মত। ভালবাসার মলাটে বেঁধে তুমি তার দুঃখ বেদনার সবটাতে ঢেলে দাও হৃদয়ের যা কিছু সৌরভ। আর খুব করে মনে রেখো, অবহেলার নিদারুণ যাতনায় সিক্ত হৃদয়ের এক মুঠো হাহাকার-ই হলো তোমার আজন্ম গৌরব।

আমি তোমার চেহারার দিকে তাকিয়ে ভাবতাম— এই বুঝি সূর্যমুখী শুষে নিলো সূর্যের সবটুকু মায়াবী আলো। গন্ধরাজ হেসে হেসে বলছে যত পারো নাক ডুবিয়ে শুকে নাও ঘ্রাণ।

আমি হিতাহিত জ্ঞান হারিয়ে তোমার দিকে অপলক চেয়ে থাকতাম। আমি দেখতাম মায়াবী অন্ধকারে মিটমিট করে জ্বলা তারকা পুঞ্জির মতো তোমার দেহের কারুকার্য খোচিত শৈল্পিক রুপ।

তোমার কন্ঠস্বর শোনে আমার মনে হতো সোহাগি বাতাস যেন আদরে আদরে খুলে নিচ্ছে গোলাপের সবটুকু আবরণ।

তোমার হাসিতে যেন প্রাণ খুলে হাসে জুঁই, চামেলি, চন্দ্রমল্লিকা। রুপোলী জ্যোৎস্না কাননের সবটুকু সুবাস তোমার সুতনু অঙ্গে মেখে দিয়ে বলছে— “ওহে প্রেমিক, এই মাতাল রাত্রির নক্ষত্রের রুপোলী আভায় তুমি খুব যত্ন করে আদায় করে নাও প্রেমিকের সবটুকু অধিকার।”

আমি দেখতাম আমার একটুখানি ছোঁয়ায় তুমি লজ্জাবতী পাতার মতোই, নিজেকে কেমন করে গুটিয়ে নিতে। আড়াল হতে লাজুক লতার ঢেউয়ে ঢেউয়ে নিজেকে কেমন ভাসিয়ে দিতে লজ্জা পেয়ে।

আহ! কি নরম তুলতুলে, ভিজে বাতাসের মতই কাতর তোমার স্পর্শ…(সংক্ষেপিত)………

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...