মানুষ হতে চেয়েছি
– রবি বাঙালি
আমি ধার্মিক হতে চাইনি কোনোদিন,
চাইনি কপালে আঁকতে তিলক, বা সেজদার দাগ;
আমি চেয়েছি শুধু মানুষ হতে,
যেখানে জুড়াবে সব মানুষের অনুরাগ।
গ্রন্থে খোঁজার চেষ্টা করিনি কোনো স্বর্গ,
কিংবা নরকের কাল্পনিক সেই ভয়;
আমি তো খুঁজেছি রক্তাক্ত কোনো বুকে,
খানিকটা দয়া, একটুখানি বা জয়।
জাতের নামে যে দেয়াল উঠেছে আকাশ ছুঁয়ে,
আমি সেই দেয়ালে হাতুড়ি মারতে চেয়েছি;
ধর্মের নামে যে মানুষ গিয়েছে মরে,
আমি তার পাশে মানুষ হয়েই বেঁচেছি।
মন্দিরে গিয়ে মাথা নোয়াইনি ভয়ে,
মসজিদে গিয়ে খুঁজিনি নিজের স্বার্থ;
যদি ক্ষুধার্তের মুখে দিতে না পারি অন্ন,
তবে তো আমার এই জীবনটাই ব্যর্থ।
আমি ধার্মিক হতে চাইনি কোনোদিন,
আমার উপাসনা হোক মানুষের তরে;
জগৎ জুড়িয়া একটিই শুধু জাত—
সে তো মানুষ, জন্মায় ঘরে ঘরে।
রচনাকাল : ১৩ জুন,২০২৬ খ্রি.।