স্মৃতির পাখি… – আবদুল্লাহ আল আদীব

আজ রাতেও আকাশের সমস্ত নক্ষত্র নিভে গেলো।
নক্ষত্রগুলো নিজেদের সমস্ত নাম ভুলে,
শুধু নীল অন্ধকারের ভেতর শ্বাস নিচ্ছিলো।
আমার কাঁধে নেমে এলো এক অনিন্দ্য সুন্দর পাখি।
তার ডানায় কোনো পালক নেই।
আছে কেবল বহু জন্মের অনুচ্চারিত স্মৃতি।
আমি তার দিকে তাকালাম— কী অদ্ভুত মায়া।
আমি বুঝলাম—
এই অনুভব কেবল চোখের দৃষ্টিতে নয়,
এই অনুভবের জন্ম আমার রক্তের গভীরতম নদীতে।
নদীর তীরে একটি বৃক্ষ।
বৃক্ষটি তৈরি আমার সমস্ত না-বলা কথা দিয়ে।
আমি ভয়ে ভয়ে পাখিটিকে আলতো ছুঁলাম,
শীতের শুকনো বন হঠাৎ
পাতার গোপন ভাষায় কথা বলতে শুরু করলো।
দূরে একটি নাম ভেসে উঠলো—
জারিফ।
নামটি কোনো মানুষের মতো এলো না।
সে এলো ভোরের আগে নিভে যেতে না-পারা
একটি তারার আলো হয়ে;
এলো বহুদিন জলে ডুবে থাকা
একটি পাথরের নিঃশ্বাস হয়ে;
এলো আমার নিজের বুকের ভেতর
হারিয়ে যাওয়া এক গভীর আর্তনাদ হয়ে।
তখন একটি কণ্ঠ বললো—
“তুমি যে নাম উচ্চারণ করছো,
সে নামের দিকে নয়,
সে নামের ভেতর দিয়ে
তুমি নিজেরই অনন্ত সুখের দিকে হাঁটছো।”
আমি নীরব থাকলাম।
নীরবতারও তো শেকড় আছে।
আর এই শেকড় অন্ধকার মাটির নিচে নয়—
তার বিস্তার মানুষের হৃদয়েরও গভীরে,
যেখানে প্রেম প্রথম নিজেকে চিনতে শেখে।

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...