যন্ত্রের এই শহরটাকে আমরা দুজন মিলে মানবিক করে তুলি… – আবদুল্লাহ আল আদীব

শীত নেমে জানালার কাঁচে ধোঁয়া জমে,
তোমার নাম লিখতে লিখতে
আঙুল অবশ হয়ে যায়,
তবু থামি না—
তোমার নাম এতটাই উষ্ণ করে আমায়।

এই শহরের রাস্তায় কুয়াশা লেগে থাকে
যেন তোমার গায়ের গন্ধের মতো মিহি পর্দা,
আমি হাঁটি, আর ভাবি— তুমি এখন কোথায়?

ট্রাফিক সিগনালের লাল আলো
তোমার ঠোঁটের মতোই তীব্র লাগে—
চুমু খেতে ইচ্ছে করে এই উন্মাতাল শীতের ভোরে।

মেট্রোরেল গর্জে ওঠে,
যান্ত্রিক শব্দে শহরও কেঁপে ওঠে—
কিন্তু আমার হৃদয় কাঁপে
শুধু তোমার এক মুহূর্তের চাহনিতে।

শীতের বাতাসে হাত বাড়ালে
মনে হয় তোমার হাতের উষ্ণতা ছুঁই—
যেন তুমি সবসময়ই আছো,
কোথাও লুকিয়ে, খুব কাছে।

একদিন তোমাকে ছুঁবো,
এটা ভাবতেই আমার শরীরে
শহরের পুরোনো ট্রামলাইন বেয়ে
বৈদ্যুতিক ঝিলিক নেমে আসে,
যেন রোবটের ধাতব হৃদয়ে হঠাৎ
মানবরক্ত ঢুকে গেছে।

রাতে যখন লাইটপোস্টের নিচে দাঁড়াই,
তোমার ছায়াটা কল্পনা করি—
যেন তোমার হাত আমার কাঁধে,
তোমার নিঃশ্বাস আমার ঘাড়ে।

শীত বাড়লে ইচ্ছেগুলোও বাড়তে থাকে,
আমি খুব করে তোমার কাছে যেতে চাই,
তোমার বুকের ভেতর লুকিয়ে থাকতে চাই—
যেমন শরৎশেষে পাখি গরম বাসায় আশ্রয় নেয়।

তোমার চুলে নাক ডুবিয়ে
আমি মানবসভ্যতার সবচেয়ে গোপন সুগন্ধ
আবিষ্কার করতে চাই।

তোমার অবহেলা মহাকাশযানের সিগন্যাল হারানোর মতো—
তোমার হৃদয় হল আমার প্রেমতরঙ্গের চৌম্বকক্ষেত্র।

তোমাকে কল্পনায় ভালবেসে আমি খুঁজে পাই
শহরের কাঙ্ক্ষিত প্রিয় সব রাস্তা—
তারপর একাকীত্ব চলে যায়, প্রেম জেগে ওঠে।

তুমি আমার শেষ ঠিকানা।
শীত শেষ হবে, ঋতু পাল্টাবে,
নগর নতুন রূপে তৈরি হবে—
কিন্তু তোমার প্রতি আমার এই প্রেম
বরাবরই থাকবে।

এসো, প্রিয়—
এই শীতের রাতে
আমার পাশে বসো,
আমার কাঁধে তোমার মাথা রাখো,
যন্ত্রের এই শহরটাকে
আমরা দুজন মিলে মানবিক করে তুলি।

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...