Tamal Krishna Mridha

“( অপূর্ণতার ঋণ )”
– তমাল কৃষ্ণ মৃধা

মেঘে ঢাকা চাঁদ, হৃদয়ের বাঁধ – ভেঙে আজ একাকার ;
দুখের জোয়ার, না খোলা দুয়ার – নিশ্চুপ হাহাকার।
আসিবারে ভোর, কাটে না প্রহর – গুনে যাই শুধু দিন;
তিলে তিলে তার, মেনে নিয়ে হার – বাড়িয়ে চলেছি ঋণ।
কি জানি তবে, কতকাল রবে – দুখের এই অবকাশ!
শুধু কেন জানি, মনে হয় আমি – বেঁচে থাকা এক লাশ।
জেগে কত রাত, নিয়ে প্রতিঘাত – গোনা হয় নাই তার;
জীবনের তরে, বহুকাল পরে – কিছু নাই হারাবার।
হিসাবের পাতা, জীবনের খাতা – বৃথা পড়ে আছে সব;
একলাই গুনি, নীরবেই শুনি – ধ্বংসের কলরব।
না পাওয়ার মাঝে, কপালের ভাঁজে – ছিলোনা যাহার নাম ;
ব্যর্থ আমি, অসহায় এক – কে বা দেবে তার দাম।
কতো না দ্বন্দ্ব , কেটেছে ছন্দ – হারালো গানের সুর ;
থেকে পাশে তার, তবু হাহাকার – আমি আজ বহুদূর।
সকলের ভীড়ে, এসেছি যে ফিরে – চাই না আমার কিছু;
স্মৃতিগুলো তার, বাড়িয়েছে ভার – ছাড়ে নাই কভু পিছু।
কোন মায়া টানে, জীবনের পানে – মেটাতে তাহার ঋণ ;
এতটুকু জানি, এ ঋণের ঘানি – বয়ে যাবো চিরদিন।
ভালোবেসে তার, পেতে অধিকার – প্রেম সে তো খুব দামী;
তার প্রতি তাই, ভালোবাসা টাই – বাঁচিয়ে রেখেছি আমি।
কি বা আসে যায় ,কাকে দেবো দায়-হারানোর তাকে শোক;
ভালোবাসি তাই, সুখী হোক চাই – আমার না ই বা হোক।

—————————-০—————————–

Leave a Comment