চিরন্তন প্রেমের সংলাপ – আবদুল্লাহ আল আদীব

কত আর গঞ্জনা! অনুরক্ত বেদনা!
এ জীবন মূর্ছা গেছে,
বিচারবুদ্ধি লোপ পেয়েছে,
আমি বলি-
একটা জীবন পুরাই প্রেমের প্রবঞ্চনা।

ব্রিস্টল চ্যানেল তীরে আমি ঠাঁই দাঁড়িয়ে দেখি-
উজান হচ্ছে ভাঁটা,
তার জল ছলছল বিমুগ্ধতা অতি জলোচ্ছ্বাসে হয় বন্যা।
যেমন উপচে পড়া ভালবাসা নিয়ম-নথির তীর মানে না।

চির বলতে কিছু নেই-
হাতের স্পর্শে থাকা স্থির হাত ধীরে ধীরে অনুভূতি হারায়,
নতুনত্ব ফিরে পেতে লাগে শরীরে শরীর ঘষাঘষি।
সাইকির স্ফটিক শরীরের কামনায়,
প্রেমের দেবতা ইরোসের চোখে বিমূর্ত প্রতীক্ষার ক্ষয়।

ওহে প্রিয় চেয়েছিলেম মেঘ,
মেঘ কি আর রইল!
তোমার আশায় থেকে সে-ও
বৃষ্টি হয়ে ঝরে গেল।

জীবন হল পানপাখি, যেন তার অনন্ত অপ্রাপ্তি-
যেমনি করে শরীর দিয়ে শরীর ছুঁয়ে শরীর পাওয়া যায়,
তেমনি হৃদয় হৃদয় ছুঁয়ে হৃদয় নাহি পাই।
তবুও প্রেম যেন উরবাখ-উইথে সিনড্রোম-
মোহাবিষ্টতায় অ্যামিগডালা উন্মাদ হয়ে মানুষ হয় ভয়হীন।

হেলেন-প্যারিস যুগল, এমনই অপ্রতিরোধ্য অহমিকা।
প্লেটোর সিম্পোজিয়াম থেকে আসে- দেবরাজ জিউস।
দুটি মাথা, চারটি হাত ও চারটি পায়ের
দ্যূতিময় গোলাকার শরীর দ্বিখণ্ডিত করা হয়।
এরপর প্রত্যেক অর্ধ-আত্মা নিজের অর্ধাংশকে খুঁজে-
এই খোঁজই হল প্রেম।
প্রণয় শুধু প্রাপ্তি নয়,
প্রণয় হল অপরিমেয় শক্তির পুনরুদ্ধার।
লেখা হয় সোলমেট ও টুইন ফ্লেম, চিরন্তন প্রেমের সংলাপ।

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...