বার্ধক্যের বন্দরে
রবি বাঙালি
চোখের কোণে ফুটবে যেদিন
সহস্র রূপালী রেখা,
স্মৃতির পাতায় ঝাপসা হবে
অনেক পুরোনো লেখা।
তোমার হাতের চামড়া যখন
কুচকে শিথিল হয়ে আসবে,
বলতো তখন আগের মতোই
একইভাবে ভালোবাসবে?
আমার ইচ্ছে—
তোমার ওই কাঁপা আঙুলের ভাঁজে
হাত রেখে মোদের শেষ বিকেলটা সাজাই,
বয়সের ভারে নুয়ে পড়া দিনেও
ভালোবাসার পুরোনো সুরটা বাজাই।
সব আলো যখন নিভে আসবে,
একলা হবে চারপাশ,
তোমার ওই গভীর, মায়াবী দুটি চোখে
চোখ রেখে যেন ছাড়তে পারি শেষ শ্বাস।