কবিতা: সান্তা মারিয়া
কলমে: তরুণ কুমার ইন্দু
তুমি জ্যোৎস্নার মতো স্নিগ্ধ —
আমাকে দিয়ে গেছো বিষাদ ছায়া
তুমি যতখানি রয়েছে সুদূর প্রান্তে;
আমি অনন্ত প্রতীক্ষায়, জড়িয়ে অচেনা মায়া।
শুরু থেকেই অবহেলায় রেখেছো বিদ্ধ।।
তুমি চঞ্চলতায় মাখা পাহাড়ি ঝর্ণা—
বয়ে গেছো এ হৃদয়ে আবেগের নদী হয়ে
ছিনিয়ে নিয়েছো যত্নে সবটুকু অধিকার;
যে পথ আমি চলেছি অজুত যাতনা সয়ে।
গোধূলির রঙে এঁকেছি সিক্ত আলোক বর্ণা।।
তুমি নিষ্প্রাণ প্রস্তর মানবী—
কঠিন হৃদয়ে ঢেলেছো তপ্ত বিচারের আল্পনা
বঞ্চনার সুদীর্ঘ পথ সাজিয়েছো অনায়াসে;
মিথ্যে প্রদীপ জ্বেলেছো, জানি তা গল্প না।
নীরবে দিয়েছি তুলে, যা ছিলো আমার সবই।।
তুমি জ্বলন্ত সান্তা মারিয়া—
ছড়িয়ে দিয়েছো ঘৃণার লাভা অবিরত
আমি নিশ্চুপ কালপুরুষের অবয়ব নিয়ে;
পুড়েছি একান্তে, তোমাকে রেখেছি অক্ষত।
প্রতিটি আঘাত ছুঁয়েছি স্বযতনে, তোমাকেই স্মরীয়া।।