সলেমানপুর দত্ত বাড়ি: ইতিহাসের গর্বিত সাক্ষী
কোটচাঁদপুর (ঝিনাইদহ) রাম জোয়ার্দার
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর—এক প্রাচীন জনপদ, যার প্রতিটি ইট-পাথরের গায়ে লুকিয়ে আছে অসংখ্য ইতিহাস ও ঐতিহ্যের গল্প। এই জনপদের বুকেই দাঁড়িয়ে আছে সলেমানপুর দত্ত বাড়ি, সময়ের সাক্ষী হয়ে।
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হলুদ রঙের এই বিশাল বাড়িটি প্রথম দেখায় জমিদার বাড়ি মনে হলেও, প্রকৃতপক্ষে এটি ছিল ব্যবসায়ী পরিবারের আবাস। পেশায় ছিলেন ব্যবসায়ী দুই ভাই—নরেণ দত্ত ও বিরেণ দত্ত। তাদের হাত ধরেই গড়ে ওঠে এই নকশা খচিত দৃষ্টিনন্দন ভবন। সঠিক নির্মাণকাল আজও অজানা, তবে ধারণা করা হয়, ১৯শতকের শুরুর দিকে এর জন্ম। ব্রিটিশ আমলের নিপুণ কারুকাজে গড়া এই বাড়িটি এখনও গর্বের সাথে সেই সময়ের স্থাপত্যশৈলী বহন করে চলেছে।
কালের আবর্তে দত্ত পরিবারের মালিকানা বদলে যায়। বাড়িটি পরে ক্রয় করেন ব্যবসায়ী বিষ্টু চরণ সাহা। সেই থেকেই স্থানীয়দের কাছে এটি পরিচিত হয় “সাহা বাড়ি” নামে। বর্তমানে সাহা পরিবারের উত্তরসূরিরা ঐতিহ্যবাহি বাড়িতে বসবাস করছেন গর্বের সাথে।
বাড়ির ভেতরে রয়েছে এক বিশাল মন্দির, যা এখনো প্রাণের স্পন্দন ছড়িয়ে দেয় পুরো প্রাঙ্গণে। প্রতি বছর শারদীয় দুর্গাপূজার সময় এই বাড়ি যেন প্রাণ ফিরে পায়—প্রাঙ্গণ ভরে ওঠে ঢাকের শব্দ, আলো-সজ্জা আর আনন্দোৎসবের উচ্ছ্বাসে। সলেমানপুরের মানুষ ছাড়াও দূরদূরান্ত থেকে আগত দর্শনার্থীরা মিলিত হন এই উৎসবে।
সলেমানপুর দত্ত বাড়ি কেবল একটি স্থাপনা নয়, এটি সময়ের নিরব কাহিনি—যেখানে ইতিহাসের ছোঁয়া, সংস্কৃতির গর্ব এবং মানুষের আবেগ একসাথে মিশে আছে। পুরনো দেয়ালগুলোর ফাঁক গলে আজও যেন ভেসে আসে অতীতের হাসি-কান্না, ব্যবসার সাফল্য আর পারিবারিক আনন্দের গল্প। এই বাড়ি কোটচাঁদপুরের ঐতিহ্যকে আজও বাঁচিয়ে রেখেছে, প্রমাণ করছে—সময় যতই এগিয়ে যাক, ইতিহাসের আলো কখনও নিভে যায় না।